সূচনা

এসো আনোয়ার। শম্ভুনাথ চট্টোপাধ্যায়

ওদিকে মসজিদ থাক – কিছুক্ষণ এসো আনোয়ার
আমরা দুজনে আজ হেঁটে যাই চিরন্তন প্রকৃতির দিকে –
যেখানে প্রসন্নজল নদী আর বৃক্ষের সবুজ মেঘ স্থির হয়ে আছে
দূর মাঠে, উজ্জ্বল বিকেলে।

আমার দুঃখের ভার তুমি নাও, তোমার যন্ত্রণা কিছু দেবে কি আমাকে
আনোয়ার? এসো আজ প্রাণ খুলে দুটো কথা বলি।
দুজনে সংবাদ নিই, পৃথিবীর মূর্খ মানুষেরা
কত ব্যস্ত হয়ে আছে অর্থহীন রাজনীতি নিয়ে…
ধর্মসভা নিয়ে কত উত্তেজনা, পুলিস এসেছে থানা থেকে…
এই হাস্য-পরিহাসে কিছুক্ষণ মগ্ন হবো – এসো আনোয়ার !

এদিকে মন্দির থাক… দিগ্বলয়ে চলো আনোয়ার :
আমরা দুজনে আজ দেখে আসি নক্ষত্রের অনুপম শোভা,
আর সেই নির্জনতা, যেখানে সন্ধ্যার মাঠে আরও কিছু অনুভব আছে,
নদীজলে স্বচ্ছন্দ বাতাসে।
এভাবেই দিন যাক মুক্ত-জীবনের স্বাদ নিয়ে –

তারপর কোনো এক শান্ত নীল বেলাশেষে এমনি সহজে
তুমি চলে যাবে একা নিঃশব্দ কবরে, আর আমি যাব জ্বলন্ত চিতায়!

দেয়ালা পত্রিকার প্রথম বর্ষের তৃতীয় সংখ্যা কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে উৎসর্গ করা হল।