বের্টোল্ট ব্রেখ্ট-এর কবিতা
তরজমা : কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়

বের্টোল্ট ব্রেখ্ট (1898-1956)
ফুলের বাগান
লেকের পাশে, ফার, রুপোলি পপলারের মাঝে, গভীরে
কাঠের বেড়ার দেওয়াল তুলে ঘেরা একটা বাগান
বুদ্ধি করে মরশুমি গাছ দিয়ে সাজানো, যাতে
ফুল ফোটে মার্চ থেকে অক্টোবর।
সকালবেলা, কখনো সখনো, এখানে বসে থাকি
ভাবি, যদি সব সময়
ভালো অথবা খারাপ যেকোনও মরশুমে
একটা কোনও ভালো দিক দেখিয়ে দিতে পারি।
বিশ্রী সকাল
রুপোলি পপলার, এলাকার বিখ্যাত রূপসী
হতকুচ্ছিত বুড়ি এখন। লেক
নোংরা জলের ডোবা এখন, ছোঁয়া নেই!
জুঁই ফুলের মালা শস্তা, গন্ধহীন
কেন?
স্বপ্নে দেখা আঙুলগুলো আমার দিকে তোলা
যেন কুষ্ঠ হয়েছে। আঙুল পরিশ্রমে ক্লান্ত
আঙুল ভেঙে দিয়েছে কেউ।
‘তোমরা জানো না’! চিৎকার করে উঠি
আমি, বিবেকদগ্ধ, মূক।
ছোট্ট গোলাপ, কেমন করে লিখি
ছোট্ট গোলাপ, কী করে যে লিখি
হঠাৎ যেন রক্তগাঢ়, নতুন, আমার কাছে
জানতামই না, সে এখানে ছিল
আমরা এসে, খুঁজে পেলাম তাকে।
আকস্মিক বলতে হবে, তার সঙ্গে দেখা
অবিশ্বাস্য ক্ষণকালের একটুখানি ঝলক
লক্ষ্যবেঁধা তীর, অমন অলক্ষ্যে সে আসে :
এমন তো ঘটেই থাকে, চিরদিন চারপাশে।
জন উইলেট এবং র্যালফ্ ম্যানহেইম সম্পাদিত বের্টোল্ট ব্রেখ্ট পোয়েমস গ্রন্থের অন্তর্গত
দেখা হয়েছে: ০ বার