কবিতা

ভালোবাসা এটুকু তো পারে!
সন্দীপন চক্রবর্তী

সমস্ত পাগল আজ পৃথিবীর পথে পথে
নেমে গেছে ট্র্যাফিক কন্ট্রোলে
তারাই নিয়ন্ত্রণ নিতে চায় পৃথিবীর
আরোগ্য চায় না

হ্রদ ও নক্ষত্রে ঘেরা জলের ভিতর
খলবল করে ওঠে অন্ধকার গোপন শিকড়

এর মাঝে ভালোবাসা অতি দীন ভিখারির মতো
এনামেল বাটি হাতে বসে থাকে রাস্তার ধারে

আমি কি বসব গিয়ে পাশে?
কাঁধে হাত রাখব খানিক?
বলব কি – হে ভ্রমর, শেখাও মৌলিক জাদু
আমাদের ক্ষতমুখে বুলাও পালক

ভালোবাসা সারেঙ্গিবাদক
তোমাকে সুরের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয়
নির্জন শীতের দুপুরে

আর তুমি টের পাও, ততটা বিষাক্ত নয় এ জীবন
শিরশিরে বাতাস দিলে, টের পাও রক্তের ভিতরে
কমলালেবুর মতো কিছুটা সুগন্ধ রয়ে গেছে

এটুকুই, ভালোবাসা এটুকু তো পারে!

দেখা হয়েছে: বার

5 1 vote
Article Rating
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x